স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘কোভিড মহামারিতে গোটা বিশ্ব যেখানে হিমশিম খেয়েছে, সে সময় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে স্বাস্থ্য খাতের একেকটি সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন। আমরা স্বাস্থ্য খাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতিটি কথা মেনে কাজ করেছি। আমাদের নির্দেশনা অনুযায়ী দেশের চিকিত্সক, নার্স, টেকনোলজিস্টরা নিরলস কাজ করে গেছেন। এর ফলে, করোনা আজ আমাদের দেশ থেকে বিদায় নেবার পথে।
গতকাল বিকালে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যু হার আমাদের দেশে অনেক কম। বলা চলে, ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার পথে। দেশের অর্থনীতির চাকা সচল হয়েছে। দেশ আবার এগিয়ে যাচ্ছে। সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের ফলেই। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সন্তান বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সর্বক্ষেত্রেই সফল হয়েছেন।
দুর্নীতি নিয়ে সমালোচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কেউ ধারণ করে কাজ করতে পারলে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়। দেশের স্বাস্থ্য খাতের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামক গ্রন্থগুলো সময় নিয়ে পড়তে হবে। বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বইগুলো পড়লে যে কোনো মানুষের মনেই দেশাত্মবোধ জেগে উঠবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমআরসির সভাপতি ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপ-এর সভাপতি অধ্যাপক ডা. এম ই ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র কমিউনিটি সেন্টারে উপস্থিত থেকে জাতীয় শোক দিবস পালন করেন ও দোয়া মাহফিলে অংশ নেন।
