খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিএনপির দোয়া মাহফিল

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৪০

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি। গতকাল শনিবার রজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়। কার্যালয়ের ভেতরে দলের কয়েক শ নেতাকর্মী এই দোয়ায় শরিক হন। কার্যালয়ের নিচতলার কক্ষের বাইরে ফুটপাতে দাঁড়িয়েও অনেকে মোনাজাতে অংশ নেন। ব্যানারে লেখা ছিল—‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতা কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফিরাত কামনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুদর্শা থেকে রেহাই পেতে দোয়া ও মিলাদ মাহফিল’। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার। দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পরিচালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান, রফিকুল ইসলাম, হায়দার আলী খান লেলিন, কাজী আবুল বাশার, রফিক শিকদার, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, জাসাসের জাকির হোসেন রোকন প্রমুখ।

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে গত কয়েক বছর বেগম জিয়ার জন্মদিন ঘটা করে পালন করছে না দলটি। এবারও কৌশলে জন্মদিন পালন এড়িয়ে গেছে বিএনপি। পুরো মিলাদ মাহফিলে জন্মদিনের কোনো কথাই উল্লেখ করেনি তারা।