বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত এফডিসির হাত ধরে এদেশের চলচ্চিত্র স্থান নেবে বিশ্বাঙ্গনে :তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৫৭

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত এফডিসির হাত ধরে এদেশের চলচ্চিত্রশিল্প আবার শুধু তার স্বর্ণালি সময়ই ফিরে পাবে তা নয়, বিশ্ববাজারেও সম্মানজনক স্থান করে নেবে। গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও সব শহিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে তথ্যমন্ত্রী বিএফডিসি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। করপোরেশন ও চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিবৃন্দও এ সময় জাতির পিতাকে স্মরণ করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার ও বিএফডিসির পরিচালক আইয়ুব আলী। চলচ্চিত্র পরিবারের সভায় প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রতারকা রোজিনা, দিলারা, রিয়াজ, মৌসুমী, ওমর সানি, শাকিব, অনন্ত জলিল, অপু বিশ্বাস, নিপুণ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীবৃন্দ সভায় যোগ দেন।