বঙ্গবন্ধু বললেন ভালো খেলিস দেশের মান ইজ্জত রাখিস: সালাহউদ্দিন

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০২:৩৪

জাতীয় শোক দিবসে বাফুফে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করে। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু এবং শেখ কামালকে নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

বঙ্গবন্ধু পরিবার এভাবে ঘাতকের হাতে মৃত্যুবরণ করবেন তা স্বপ্নেও ভাবেননি সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমার সঙ্গে বঙ্গবন্ধুর শেষ কথা হয়েছিল ৮ আগস্ট। আমরা মারদেকা ফুটবলে খেলতে যাব, তখন বলা হলো বঙ্গবন্ধুর সঙ্গে ফটোসেশন আছে উনার বাড়িতে। আমরা ছবি তুলতে গেলাম। বঙ্গবন্ধু বললেন ভালো খেলিস, দেশের মান ইজ্জত রাখিস। আমি বললাম ঠিক আছে চাচা।’ বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ক্রীড়াঙ্গনের অনেকেরই। তার মধ্যে অন্যতম ছিলেন এই সাবেক তারকা ফুটবলার। বিশেষ করে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের সঙ্গে সালাহউদ্দিনের ঘনিষ্ঠতার কথা ক্রীড়াঙ্গনের জানা। সালাহউদ্দিন বললেন, ‘আমরা মারদেকা ফুটবলে খেলতে যাওয়ার সময় সেখানে কামালেরও যাওয়ার কথা ছিল। কিন্তু কামাল সাংগঠনিক কাজের কারণে পরে আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা। আমাকে বলল, আমাদের মিটিং আছে আমি পরে যাব। কিন্তু তার আগেই ১৫ আগস্ট তিনি ঘাতকের হাতে মৃত্যুবরণ করেন। ওটাই ছিল আমার সঙ্গে কামালের শেষ কথা। ’

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে আজ সারা বিশ্ব স্মরণ করছে

স্মৃতিচারণের প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘যখনই কেউ বিদেশে যেত কামাল ফুটবল দলের জন্য জার্সি আনার অনুরোধ করতেন। আপনারা জানেন, বঙ্গবন্ধুর পরিবারের সবাই খেলাধুলা প্রিয়। এখন দেখবেন যখনই ছেলেরা মেয়েরা কোনো রেজাল্ট করলে প্রধানমন্ত্রী বাসায় ডেকে নিয়ে টাকা পয়সা দেন, নিজের হাতে খাওয়ান, সংবর্ধনা দেন।’


ইত্তেফাক/আরআই