বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কোন সভ্য দেশের কাজ হতে পারে না। যে সকল দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খুনিরা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
রবিবার (১৬ আগস্ট) শিবালয় উপজেলা পরিষদ হল রুমে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, সবজির বীজ বিতরণকালে তিনি একথা বলেন।
উপজেলা কৃষকলীগ আহবায়ক অসিউর রহমান সিকোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি, কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বিএ প্রমুখ বক্তব্য রাখেন।
আরো পড়ুনঃ টানা পাঁচ মাস পর মিলিত হলেন মিথিলা-সৃজিত
মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার আগে শেখ হাসিনা ও রেহেনা বিদেশ থাকায় ভাগ্যক্রমে সে দিন বেঁচে যান। ‘৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আ’লীগের হাল ধরেন। তাঁরই নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়েছে। এখনও যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরও ফিরিয়ে আনা হবে।
সাবেক মন্ত্রী আরো বলেন, বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শুনেনি। অথচ, শেখ হাসিনার সরকার সকল প্রকার সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছেন। দেশের একটি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
বক্তব্য শেষে অতিথিরা স্থানীয় দেড়শ কৃষকরে মাঝে ৪ প্রকারের সার-বীজ ও দু’হাজার গাছের চারা বিতরণ করেন।
ইত্তেফাক/এমএএম
