নওগাঁয় পাঁচ বছরে পাটের আবাদ কমেছে তিন হাজার হেক্টর

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:২৫

নওগাঁয় দিনদিন কমছে পাটের আবাদ। ন্যায্যমূল্য না পাওয়ায় গত পাঁচ বছরে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নওগাঁয় ৬ হাজার ১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত মৌসুমে ৬ হাজার ১৫০ হেক্টর, ১৮ সালে ৬ হাজার ৯৩০ হেক্টর, ১৭ সালে ৮ হাজার ২৫ হেক্টর এবং ১৬ সালে ৮ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল। কৃষি বিভাগের হিসাবমতো গত পাঁচ বছরে নওগাঁয় ২ হাজার ৭৯৬ হেক্টর জমিতে পাট চাষ কমেছে। প্রতি বছর গড়ে ৫৬০ হেক্টর জমিতে পাট চাষ কমছে নওগাঁতে।

জেলার ১১ উপজেলায় কম-বেশি পাটের আবাদ হয়ে থাকে। তবে চলতি মৌসুমে জেলার মধ্যে সবচেয়ে বেশি পাট চাষ করা হয়েছে মান্দায় ১ হাজার ৭৪৫ হেক্টরে। এছাড়া বদলগাছীতে ১ হাজার ৫৫০ হেক্টর, ধামইরহাটে ১ হাজার ৩৬০ হেক্টর, নওগাঁ সদরে ৮১০ হেক্টর উল্লেখযোগ্য। 

জেলায় ভারতীয় উচ্চ ফলনশীল তোষা জাতের সবচেয়ে বেশি পাট চাষ হয়ে থাকে। এছাড়া দেশীয় বঙ্গবীর ও ৯৮৯৭ জাতের পাটের আবাদ করা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এক বিঘা পাট চাষে খরচ হয় প্রায় ৭ হাজার থেকে ৯ হাজার টাকা। ভারতীয় তোষা জাতের পাট প্রতি বিঘায় পাটের ভালো ফলন হলে প্রায় ১০/১২ মণ উত্পাদন হয়ে থাকে। প্রতি মণ পাট বাজারে কেনাবেচা হয়ে থাকে দেড় হাজার টাকায়। পাট চাষের চেয়ে সবজি চাষে বেশি লাভ হওয়ায় পাট চাষিরা দিনদিন সবজি চাষে ঝুঁকে পড়ছেন। দেশি জাতের পাট প্রতি বিঘায় ছয়/সাত মণ উত্পাদন হয়ে থাকে। ফলে কৃষকদের লোকসান গুনতে হয়। এ কারণে কৃষকরা দেশীয় জাতের পাট চাষ করে না।

সদর উপজেলার মুক্তার গ্রামের শরিফুল ইসলাম জানান, আগে ব্যাপক পাট চাষ হতো। পাটের ন্যায্য দাম না পাওয়ায় এখন কৃষকরা সবজি, আম, কলা, ধান চাষ করছেন। রাণীনগর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের শিক্ষক সুরেশ সরকার জানান, বাড়িতে পাটের প্রয়োজন হওয়ায় সাত/আট বছর আগে পাঁচ কাঠায় পাট চাষ করতেন। পাট চাষে ঝামেলা হওয়ায় পাট চাষ বন্ধ করে ধান চাষ করেন। তার মতো এলাকার শতশত লোক পাট চাষ বন্ধ করে দিয়েছেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল ওয়াদুদ জানান, পাট আবাদের পর দামের অনিশ্চয়তা, শ্রমের দাম বৃদ্ধি, ধানসহ সবজিতে বেশি লাভ হওয়ায় পাট চাষ থেকে কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি বিভাগ থেকে পাট চাষিদের সব সময় সহযোগিতা করা হয়।