করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ঢাকায় পুলিশ বাহিনীর সদস্যদের প্লাজমা দিবেন বগুড়ার ৫৯ জন পুলিশ সদস্য। রবিবার বগুড়া থেকে ঐ বাহিনীর ৪০ জন সদস্য ঢাকায় গেছেন। সোমবার বাকি ১৯ জন পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকা যাবেন। রবিবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স থেকে এসব পুলিশ সদস্য যাত্রা করেন। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্লাজমা দিতে যাওয়া পুলিশ সদস্যদের বিদায় জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার, আব্দুর রশিদ ও গাজিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঐ সদস্যরা ঢাকায় গিয়ে পুলিশের প্লাজমা ব্যাংকে প্লাজমা দিবেন। তিনি আরো জানান, করোনাকালে কর্তব্য পালন করতে গিয়ে বগুড়া পুলিশের মোট ১৪৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়ে আবার কাজে ফিরে গেছেন। এদের মধ্যে ঠিক কত জনের শরীরে অ্যান্টিবডি গড়ে উঠেছে তা পরীক্ষার জন্য গত সপ্তাহে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে একটি টিম বগুড়ায় আসে। ঐ পরীক্ষায় সুস্থ পুলিশ সদস্যদের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হয়েছেন অর্থাত্ তারা করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থদের প্লাজমা দেওয়ার জন্য উপযুক্ত বলে মনোনীত হয়েছেন।
