লিভারপুলকে ৩০ বছর পর শিরোপা জেতানোর পুরস্কারস্বরূপ এবার লিগের বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন কোচ য়ুর্গেন ক্লপ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। মৌসুমের শুরু থেকে ১৮ ম্যাচ অপরাজিত ছিল দলটি। তালিকার শীর্ষে ছিল দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ পর্যন্ত। টানা ৪৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে অল রেডরা। এর বাইরেও চলতি মৌসুমে ক্লাব বিশ্বকাপ আর উয়েফা সুপার কাপ জেতার কীর্তি গড়ে দলটি। লিগে দারুণ নৈপুণ্যের কারণে চেলসির ফ্রাংক ল্যাম্পার্ড, লেস্টার সিটির ব্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের ক্রিস ওয়াইল্ডারকে পিছনে ফেলে এ পুরস্কার জেতেন জার্মান এই কোচ। সম্প্রতি ঘোষিত অন্য পুরস্কারগুলোর মধ্যে বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছেন ক্লপের শিষ্য ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।
