শেয়ারবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইনসিওরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।
এদিকে লভ্যাংশ না দেওয়ার পাশাপাশি কোম্পানির পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যা একটি কোম্পানির ব্যবসায় খারাপ দিক ইঙ্গিত করে। এমন সিদ্ধান্ত জানানোর পরও গতকাল রবিবার দুর্বল এ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে আসে। ‘জেড’ ক্যাটাগরির সানলাইফ ইনসিওরেন্সের শেয়ারটি ১৪ দশমিক ৬১ শতাংশ দর বাড়তে দেখা গেছে। আগের দিনের ১৭ টাকা ৮০ পয়সার শেয়ারটি গতকাল দিনশেষে ২০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। তবে শেয়ারটি ২১ টাকা ৯০ পয়সা পর্যন্ত উঠে গিয়েছিল।
