মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তিনি বলেন, বঙ্গবন্ধু সাড়ে তিন বছর রাষ্ট্রক্ষমতায় থাকাকালে অভাবনীয়, অকল্পনীয় ও বিস্ময়কর সব পরিকল্পনা করেছিলেন। যখন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ছিল তার মূল টার্গেট। তার ভেতরে তিনি সব আইন প্রণয়ন করে গেছেন। বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশ রাম রহিমের দেশ, রাম রহিম যুদ্ধ করেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। পাকিস্তানিরা সব নিয়ে গেছে, আমার জন্য রেখে গেছে কিছু চোর। আমার কৃষক, আমার ভ্যানওয়ালা, আমার দিনমজুর কী চায় প্রশাসনকে তা বুঝতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, অতীতে যারা অন্যায় করেছেন তারা সংশোধন হয়ে যান। কোনো হিন্দু পরিবারের ওপর অবিচার হলে, সব মুসলিম ভাই এগিয়ে যাবেন, প্রশাসনকে জানাবেন—রবিবার উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু এবং জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা : মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন। তার স্বপ্ন সুখী, সমৃৃদ্ধ আধুনিক ও অসাম্প্রায়িক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধপরিকর। রবিবার বিকালে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
