ধামরাইয়ে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিত্সা সহায়তা প্রদান

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:০২

ঢাকার ধামরাই উপজেলার বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিত্সাসামগ্রী প্রদান করেছে নৌবাহিনী। গতকাল রবিবার বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিত্সা সংকটে পড়া ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে শুকনা খাদ্য ও চিকিত্সাসামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্যসহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। ইউনিয়নের ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ। আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধি। উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানায় তারা।