ঢাবি শিক্ষার্থীকে নির্যাতন

আসামি মজনুর চার্জ গঠনে শুনানি ২৬ আগস্ট

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:১১

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে চার্জ গঠনে শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন্নাহার এ তারিখ নির্ধারণ করেন। গত ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির পরিদর্শক আবু বকর ঐ অভিযোগপত্র দাখিল করেন।

গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা দেন ঐ ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর এক জন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ধর্ষণের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।