গজারিয়ায় বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের মজুরির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দুপুর দুইটা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে, তারা মিলের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেয়। বেলা তিনটায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিকদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি শ্রমিকদের দাবি লিখিত আকারে মালিকপক্ষের কাছে পেশ করতে বলেন এবং আন্দোলন সাময়িক বন্ধ রেখে মালিকপক্ষের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে বলেন। তবে তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।
