প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে উঠলেন সেই ‘দাতা ভিক্ষুক’ নাজিম উদ্দিন। গতকাল রবিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব আনুষ্ঠানিকভাবে ঐ ঘরের চাবি হস্তান্তর করেন নাজিম উদ্দিনের কাছে। এ সময় নাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলার কৃষি অফিসার হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল ঘরটির হস্তান্তর অনুষ্ঠানে নাজিম উদ্দিন ফকির আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জেলা প্রশাসক আনারকলি মাহবুবের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাত্ প্রার্থনা ও প্রধানমন্ত্রীর কাছে হজ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেন।
উল্লেখ্য, নাজিম উদ্দিন ফকির উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে। তার ছিল না কোনো বসতঘর। তিনি ঘর নির্মাণের জন্য ভিক্ষা করে ১০ হাজার টাকা সঞ্চয় করেন। এরই মধ্যে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করে। এলাকায় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় ত্রাণ তহবিল। এ সময় নাজিম উদ্দিন করোনা মহামারিতে কর্মহীন মানুষের কষ্ট সইতে না পেরে তার জমানো অর্থ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে দান করেন। সংবাদটি দেশব্যাপী আলোচিত হয়। নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজিম উদ্দিন ফকিরকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ দেন। ঐ অর্থে গান্ধিগাঁও গ্রামে শেরপুরের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দুই কক্ষ ও বারান্দাসহ একটি গৃহ নির্মাণ করা হয়। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে গান্ধিগাঁও বাজারে একটি দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়। এদিকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম এ ওয়ারেজ নাইম ব্যক্তিগতভাবে নাজিম উদ্দিনকে একটি ইজিবাইক কিনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
