বিশ্বে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৪৬

হাজার চেষ্টা সত্ত্বেও কোভিড-১৯ ভাইরাসসৃষ্ট মহামারি ঊর্ধ্বমুখী ছুটছেই। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯-এর উপস্থিতি শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর এযাবত্কালে যা এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বহু লোকের করুণ মৃত্যু হলেও অনেকে এই ভাইরাসকে হেলাফেলা করছেন। আমরা আহ্বান জানাব, এই ভাইরাসকে অবজ্ঞা করে কেউ স্বেচ্ছামৃত্যু ডেকে আনবেন না। এটি এমন এক ভাইরাস যা আপনার সঙ্গে আপনার পরিবারের অন্য সদস্যদেরও বিপদে ফেলবে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর এ নিয়ে বিশ্ব জুড়ে ভাইরাসটিতে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ১০ লাখেরও বেশি। এছাড়া এখন পর্যন্ত ৭ লাখ ৭১ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র্র। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখেরও বেশি। এছাড়া এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারের বেশি মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন।

বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষ দশে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি ও স্পেন। ব্রাজিলে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগী প্রায় ৩৩ লাখ, ভারতে ২৫ লাখ, রাশিয়ায় ৯ লাখ ও দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫ লাখ ৭৯ হাজার মানুষ।

দক্ষিণ কোরিয়া পাঁচ মাসের মধ্যে নতুন রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে শনিবার। এদিন দেশটিতে নতুন ১৬৬ জন ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১১ মার্চের পর এটিই দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে নতুন ধরনের এই করোনা ভাইরাসের সংক্রমণ মানবদেহে ধরা পড়ে। পরে খুব দ্রুত এটি বিস্তার লাভ করতে থাকে।