মাগুরায় ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৪৯

খাদ্যে বিষক্রিয়ায় মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামে রবিবার শিমুল মোল্যা (১০) ও তার বোন আফরিন সুলতানার (১৭) মৃত্যু হয়েছে। শিমুল বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আফরিন বিনোদপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তাদের  পিতার  নাম আরজু মোল্যা। সন্দেহ করা হচ্ছে, রাতের খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

মাগুরা মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারকনাথ বিশ্বাস জানান, শনিবার রাতে শিশু শিমুল ও তার বড় বোন আফরিন রাতের খাবার শেষে স্থানীয় একটি দোকান থেকে কোমল পানীয় ক্রয় করে। শিশু শিমুল সেটি পান করে ঘুমিয়ে পড়ে এবং তার বড় বোন আফরিন সেটি পান করেনি। ভোররাতে তাদের পেটব্যথা শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে রবিবার ভোর ৬টার দিকে শিমুল মারা যায়। গুরুতর অসুস্থ তার বোন আফরিনকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সে মারা যায়। তাদের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মাগুরা থানায় একটি মামলা হয়েছে।