মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট এই ঘোষণা করেন। এর আগে ছোট ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। রবার্ট ট্রাম্প নিউ ইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এদিন ট্রাম্প বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে এটা জানাচ্ছি যে, আমার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে চমত্কার একজন মানুষ ছিল।
ট্রাম্প আরো বলেন, রবার্ট শুধু আমার ভাই ছিল না, বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে সব সময় স্মরণ করা হবে। তার স্মৃতি সারা জীবন আমার হূদয়ে থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইকে উদ্দেশ করে বলেন, ‘রবার্ট আমি তোমাকে ভালোবাসি। তুমি যেখানে থাকো, শান্তিতে থেকো।’ পরে এক বিবৃতিতে ট্রাম্প আরো বলেন, প্রথম দিন থেকেই আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এর আগে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছিল যে, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও জানাননি রবার্ট কতদিন ধরে হাসপাতালে ভর্তি বা তার অসুখটা কী। ট্রাম্পের ইম্পায়ারস রিয়েল এস্টেট বিনিয়োগে সবকিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট ছিলেন রবার্ট।
এর আগে গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন রবার্ট ট্রাম্প।—বিবিসি, সিএনএন
