ফরিদপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা স্ত্রী-কন্যা গ্রেফতার

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৫৫

ফরিদপুরের সালথায় স্ত্রী ও কন্যার বিরুদ্ধে বৃদ্ধ নওশের আলী শেখকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গুপিনাথপুর বাইটকেমারি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রী-কন্যাকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পারিবারিক কলহের জের ধরে নওশের আলীকে তার স্ত্রী মর্জিনা বেগম (৫২) ও কন্যা নাদিরা বেগম (২৬) মিলে বেধড়ক মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগম ও নাদিরা বেগমকে আটক করেন। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী শেখ বাদী হয়ে তার মা ও বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নওশের আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।