কোম্পানীগঞ্জে নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৫৫

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারসংলগ্ন ছোট ফেনী নদীতে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার নজরুল ইসলাম স্বপন (৩৬), গতকাল রবিবার ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেন (৩২) ও মাদ্রাসার ছাত্র মেহেদী হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।

নজরুল ইসলাম স্বপন বসুরহাট বাজারের ব্যবসায়ী এবং ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের কোরবান আলী চৌধুরীবাড়ির জয়নাল আবেদিনের ছেলে, ওমান প্রবাসী আনোয়ার হোসেন একই এলাকার ওয়ায়েজ ভূঞাবাড়ির সাহাব উদ্দিনের ছেলে এবং একই বাড়ির মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী হাসান শাহ আলমের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জামির মিয়া জানান, নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোম্পানীগঞ্জের পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, শনিবার ১৫ আগস্ট কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের ছোট ফেনী নদীতে ২৭ জন পর্যটক বেড়াতে আসেন। পরে তাদের মধ্য থেকে সাত জন শখ করে ঝাঁকিজাল দিয়ে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামেন। হঠাত্ জোয়ারের পানিতে তিন জন তলিয়ে যান।