বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ হাতিয়া চ্যানেলে ডুবে যাওয়া ১ হাজার ৮০০ টন গম বোঝাই ‘এমভি আখতার বানু’ জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে একটি ফিশিং ট্রলারের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, ‘নিখোঁজ নাবিকদের উদ্ধারে আমরা ডুবে যাওয়া জাহাজের কাছাকাছি থাকা একটি ফিশিং ট্রলারকে অনুরোধ জানাই। ট্রলারটি নাবিকদের উদ্ধার করে হাতিয়ার সূর্যমুখী খালের কিনারে নামিয়ে দিয়েছে। সবাই মোটামুটি সুস্থ থাকলেও বাবুর্চি (কুক) একটু অসুস্থ বলে জানা গেছে।’
গত শনিবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ডুবে যায়। জাহাজটির কার্গো এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন জানান, ‘ডুবে যাওয়া জাহাজটিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুুল খায়ের গ্রুপের প্রায় ১ হাজার ৮০০ টন গম ছিল। জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং। বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম জানান, ‘ডুবে থাকা জাহাজ ১৫ দিনের মধ্যে উদ্ধারের জন্য মালিককে চিঠি দেওয়া হয়েছে। এতে চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
