নিখোঁজের ২২ দিন পর ঈশ্বরদীর রিকসাচালকের কঙ্কাল উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৫৬

নিখোঁজের ২২ দিন পর ঈশ্বরদীর রিকসাচালক শফিকুলের কঙ্কাল উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার ঈশ্বরদীর অরোণকোলা এলাকায় সুগারক্রপ গবেষণা কেন্দ্রের আখ খেতে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ২৭ জুলাই ঈশ্বরদী থানায় নিখোঁজের জিডি দেখে শফিকুলের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়। পরিধেয় লুঙ্গি ও জামা দেখে বাড়ির লোকজন কঙ্কালটি শফিকুলের বলে শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কঙ্কাল দেখে চেহারা শনাক্ত করা সম্ভব নয়। থানায় সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া গ্রামের নাজিম মণ্ডলের ছেলে রিকসাচালক শফিকুল মণ্ডল (৪৫) এর নিখোঁজের জিডি দেখে পরিবারকে খবর দেওয়া হয়। গত ২৬ জুলাই বাড়ি থেকে রিকসা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি শফিকুল মণ্ডল।

রিকসাচালক শফিকুল মণ্ডলের বাবা নাজিম মণ্ডল জানান, পুরাতন ব্যাটারি বিক্রি নিয়ে একই এলাকার বাবলু ওরফে মগা বাবলুর ছেলে সাব্বিরের সঙ্গে তার ছেলে শফিকুলের ঝামেলা চলছিল। ব্যাটারির বদলে সাব্বির আমার ছেলের কাছে ইট দিয়ে ৪ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে সাব্বির আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল।