প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাত্ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের ধারাবাহিকতায় প্রশান্ত কুমার হালদার চক্রের আরো আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রবিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আনোয়ার প্রধান তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন। ঐ তলবি নোটিশে তাদের আগামী ২৩, ২৪ ও ২৬ আগস্ট হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
২৩ আগস্ট যাদের দুদকে হাজির হতে বলা হয়েছে তারা হলেন—ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ হাসেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি ও মোহাম্মদ আবুল হাশেম। ২৪ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির ও রাশেদুল হককে। এছাড়া ২৬ আগস্ট হাজির হতে বলা হয়েছে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং জেকে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইরফান আহমেদ খানকে।
এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হল ইন্টারন্যাশনালের তিন পরিচালক, এমডিসহ ৯ জনকে তলব করেছিল দুদক। তাদের ১৮ আগস্ট হাজির হওয়ার জন্য বলা হয়। একই ঘটনায় গত ১০ আগস্ট পি কে হালদারসহ পাঁচ জনকে তলব করে দুদক। যদিও পি কে হালদার অনেক আগেই দেশ থেকে পালিয়েছেন।
