২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক প্রস্তুত

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৪২

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক প্রস্তুত হয়েছে। পেপারবুক তৈরির পর তা সরকারি ছাপাখানা বিজি প্রেস থেকে গতকাল রবিবার হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। পেপারবুক প্রস্তুত সম্পন্ন হওয়ায় এখন হাইকোর্টে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে আর কোনো বাধা থাকল না। পেপারবুক পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ঐ ঘটনায় করা দুই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।

যাবজ্জীবন সাজা দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামিকে। পুলিশের সাবেক তিন আইজিসহ আট কর্মকর্তা এবং তিন সেনা কর্মকর্তাকে লঘু দণ্ড দেওয়া হয়।

অভিন্ন অভিপ্রায়ে পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জনকে হত্যা এবং তত্কালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর জখম করার দায়ে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে আসামিদের এ দণ্ড দেয় আদালত। রায়ের পরই মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। এরপর পেপারবুক প্রস্তুতের জন্য মামলার নথি পাঠানো হয় বিজি প্রেসে। এদিকে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন অধিকাংশ দণ্ডিতরা। তবে তারেক রহমানসহ যারা পলাতক রয়েছেন তাদের আপিল দায়েরের সুযোগ নেই। আত্মসমর্পণের পর কারাগার থেকে আপিল করার সুযোগ পাবেন পলাতক আসামিরা। আইনজীবীরা জানান, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ঐ দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ঐ নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষানিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়।