সোয়া ৪ কোটি টাকার অবৈধ সম্পদ

রেলওয়ের প্রকল্প পরিচালক রমজান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৪৩

প্রায় সোয়া ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক মো. রমজান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুটি মামলা দায়ের করেন। মো. রমজান আলী খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক ও প্রধান প্রকৌশলী। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, প্রকৌশলী মো. রমজান আলীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে। মামলায় তার অবৈধ সম্পদের মধ্যে রাজধানীর অভিজাত এলাকায় আটতলা একটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ২ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৮৩৬ টাকার সম্পদের ঘোষণা দিলেও ঐ বাড়ি সম্পর্কে কোনো তথ্য বিবরণীতে দেননি। বর্তমানে ঐ বাড়ি আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় রমজান আলীর স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরার বিরুদ্ধে ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৬৫৬ টাকার অবৈধ সম্পদের মালিকানার অভিযোগ আনা হয়েছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ২ কোিট ৪৭ লাখ ৯০ হাজার ৬৫৬ টাকার সম্পদের ঘোষণা দিয়েছিলেন। অথচ ইলোরার নামে অবৈধ সম্পদের মধ্যে জামালপুরে দুটি পাঁচতলা বাড়ি এবং রাজধানীতে তিন কাঠার তিনটি প্লট রয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে, যা তিনি সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি।