বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত এক ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী এ সহায়তা চান। বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভায় ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ৮৩ জন হাইকমিশনার ও রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংযুক্ত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচ জন খুনি এখনো বিশ্বের বিভিন্ন দেশে পলাতক আছে। আমরা এরই মধ্যে দুই জনের অবস্থান জানতে পেরেছি। বাকিদের অবস্থান আমরা এখনো জানি না। এসব খুনিদের অবস্থান শনাক্ত ও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তার জন্য সব বন্ধুরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান তিনি। ড. মোমেন বলেন, আমরা ন্যায়বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর বিচারের রায় কার্যকর করতে চাই। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব খুনিদের বিচারের আওতায় আনা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এ বিচারকাজ সম্পন্ন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সভায় জাতির পিতার ক্যারিসমেটিক নেতৃত্ব, পররাষ্ট্রনীতি, আদর্শ ও কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সূচনা বক্তব্য রাখেন। সভার শুরুতে অংশগ্রহণকারী সবাই যার যার অবস্থান থেকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।