চিকিত্সায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৪৬

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চিকিত্সায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে অভিজিত্ মুখার্জি। যদিও দিল্লিস্থ সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণব মুখার্জির ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে, তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।

গতকাল রবিবার টুইট বার্তায় প্রণবপুত্র অভিজিত্ জানান, আমি বাবাকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলাম। আপনাদের সবাইর প্রার্থনায় গত কয়েক দিনের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে। তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন। অভিজিতের টুইটের এক ঘণ্টার মধ্যেই রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে জানানো হয় যে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তার ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে, তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। এছাড়াও আনুষঙ্গিক বিভিন্ন রোগ রয়েছে সাবেক এ রাষ্ট্রপতির। বিশেষজ্ঞ চিকিত্সকরা তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। উল্লেখ্য, গত ৯ আগস্ট গভীর রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সেদিন রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই চিকিত্সার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে জানা যায় যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।