জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টায় সরকার :ফখরুল

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকার মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে। এ দেশের স্বাধীনতার জন্য যিনি যুদ্ধ করলেন একই সঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, দেশকে জাগিয়ে তুললেন—তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সব কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। গতকাল রবিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব কাজী মহিউদ্দিন বুলবুল, ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ক্রিকেটসহ বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, কোকো রাজনীতির বাইরে থেকে খেলাকে পুরোপুরিভাবে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আজকে আমরা ক্রিকেটে যে ভিত্তি দেখতে পাই এটাও তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। এ সময় ‘আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন ফখরুল।