জীবননগর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে দরবেশ আলীর (৩৮) মৃত্যু হয়। তিনি উপজেলার ধোপাখালী ব্যাপারীপাড়ার মৃত জাহা বক্সের ছেলে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জীবননগর শহরের কাজী টাওয়ারের ফুল ব্যবসায়ী দরবেশ আলী রবিবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সকালে তিনি মারা যান। দুপুরে ইসলামী ফাউন্ডেশনের একটি টিম নামাজে জানাজা শেষে করোনা নিয়ম অনুযায়ী তাকে ধোপাখালী গ্রামের কবরস্থানে দাফন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দরবেশ আলী শরীরে জ্বর, হাঁচি-কাশি, ডায়রিয়া ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার শরীরে করোনা ভাইরাসের সকল উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। এ নিয়ে এই উপজেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
ইত্তেফাক/আরকেজি
