ক্রোমে যুক্ত হবে ব্যাটারি সেভিং ফিচার

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২০:৫৮

ক্রোম ব্রাউজার ব্যাটারি দ্রুত ক্ষয় করে। এ কারণে পুরনো ল্যাপটপ ব্যবহারকারীরা অনেক সময় সমস্যায় পড়েন।

ক্রোমের এই সমস্যা সমাধানে ‘এনার্জি-সেভিংস মেটা ট্যাগ’ ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। নতুন ফিচারটির অস্তিত্ব সম্পর্কে সর্বপ্রথম তথ্য দিয়েছে ডিসকাশন ফোরাম দ্য উইন্ডোজ ক্লাব।

ক্রোমে এই ফিচার যোগ হলে ফ্রেম রেট ও স্ক্রিপ্ট এক্সিকিউশনের গতি কমবে। ব্যাটারির চার্জ কমে এলে ক্রোম ব্রাউজারে চালু থাকা ওয়েবসাইটই ফিচারটি অন করার পরামর্শ দেবে। দীর্ঘ সময় ধরে ভিডিও কনফারেন্সের সময় বা জরুরি প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে ফিচারটি ব্যবহারের সুফল পাওয়া যাবে।

ক্রোম ৮৬ বা ৮৭ সংস্করণের আগে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে না। তাই ক্রোমে ব্যাটারি সেভিংস ফিচার পেতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে।

গত জুলাইয়ে সংবাদ মাধ্যম নাইন টু ফাইভ জানিয়েছে, মোবাইলের ক্রোম ব্রাউজারে ডাউনলোড শিডিউল করারও ফিচার যুক্ত হচ্ছে। এই ফিচার ব্যবহারে ডেটা ও ব্যাটারির খরচ দুটাই কমবে।

সূত্র :এনগ্যাজেটস