অন্য বেশ কয়েক জনের মতো তার নাম রওনা দিয়েছে মঙ্গল অভিমুখে। আপনি যেতে পারুন না-পারুন, ওই গ্রহে জমিও কিনে ফেলেছেন তিনি। এ বার চন্দ্রযানের শৌচালয়ের সম্ভাব্য নকশা বানালেন ভারতের যুবক শৌনক দাস। ‘লুনার লু চ্যালেঞ্জ’-এ সেই নকশা যদি গৃহীত হয়, তা হলে নাসার ওয়েবসাইটে তার নাম তো উঠবেই। সেই সঙ্গেই পাওয়া যাবে ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ টাকা। নকশা গৃহীত হবে কি না, বলবে ভবিষ্যত্ই। কেননা এ এক বিশ্বজোড়া প্রতিযোগিতা। আকাশযানে শৌচালয়! বিষয়টি বিষম চিন্তারও। ২০২৪ সালে আকাশযানে চাঁদে মানুষ পাঠানোই নাসার লক্ষ্য। এবং পরের ধাপেই মঙ্গল। এই সব ক্ষেত্রে যানের ওজন যত কম হয়, ততই ভাল। বিজ্ঞানী-গবেষকেরা তো আছেনই।
