চাটমোহর-পাবনা সড়কে পাটের হাট

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:১৮

চাটমোহর উপজেলার সর্ববৃহত্ হাট অমৃতকুন্ডা (রেলবাজার) হাট। প্রতি রবিবার চাটমোহর-পাবনা সড়কের ওপর পাটের বেচাকেনা হওয়ায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। হাটের ইজারাদার ইচ্ছেমতো সড়কের ওপর হাট বসিয়ে জনদুর্ভোগের সৃষ্টি করছে মর্মে এলাকাবাসী জানান।

সরেজমিন রবিবার হাটে গিয়ে দেখা যায়, চাটমোহর-পাবনা সড়কের ওপর পাটের হাট বসেছে। পাট বেচাকেনা চলছে। এ সময় নসিমন, করিমন, ভটভটি এলামেলোভাবে রেখে দেওয়া হয়েছে। এই সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন যানজটে আটকে গেছে। এলাকাবাসী জানান, প্রতি রবিবার ভোর থেকেই পাটের হাট বসে। সকাল ৯টা পর্যন্ত চরম যানজটের সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যার সমাধানে কারো কোনো মাথাব্যথা নেই। প্রভাবশালী ইজারাদারের ইচ্ছেতেই সবকিছু হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, এ ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করব।