কাহারোল উপজেলায় এবার সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে ভাটা পড়েছে। সরকারি মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি ও বৈরী আবহাওয়া এবং করোনাভীতির কারণে সংগ্রহ কার্যক্রমে ভাটা পড়েছে বলে মনে করছেন খাদ্য কর্মকর্তারা। কাহারোল খাদ্য অফিস সূত্রে জানা গেছে, এবার কাহারোল উপজেলায় এক হাজার ৪৮ মে. টন ধান ও দুই হাজার ১৬৯ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু সোমবার পর্যন্ত ২৮ মে. টন চাল ও ৩৭২ মে. টন ধান সংগ্রহ করা হয়েছে। কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল আহাদ জানান, প্রতি কেজি চালের সরকারি মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজারে চাল বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। এ কারণে অনেকেই ধান-চাল সরবরাহ করতে অনিহা প্রকাশ করছেন। উপজেলায় ১৩৩টি হাস্কিং মিল ও একটি অটো রাইস মিল চাল সরবরাহের জন্য চুক্তি বদ্ধ রয়েছে।
