চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:১৯

জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের মাও গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, পালপাড়ার পরিমল পালের ছেলে পার্থ পাল (১২) ও প্রান্ত পাল (৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে বাড়ির একটি ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় পার্থ। এ সময় তাকে ধরতে গেলে প্রান্তও বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাদের বাঁচাতে মা রীপা রানী এগিয়ে আসলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মা রীপা রানীকে হাসপাতালে ভর্তি করা হয়।