নাগরপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ১৯ পথচারী ও ব্যবসায়ীকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সদর বাজারের বটতলা, বাসস্ট্যান্ড, রিকসাস্ট্যান্ড, তালতলা, সোনালী ব্যাংক রোড এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালানোর সময় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এসব জরিমানা করেন। এ বিষয়ে তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পরার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু নাগরপুরের বেশিরভাগ মানুষ সেটা নিয়ে অবহেলা করছেন। এতে করে উপজেলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
