নিউজিল্যান্ডে নির্বাচন পেছালেন আর্ডার্ন

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:২৭

করোনা ভাইরাস মহামারির কারণে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন প্রায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন সোমবার এক ঘোষণায় নির্বাচন পেছানোর কথা জানিয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে ১৭ অক্টোবর।

আর্ডার্ন বলেন, নির্বাচন পেছানোর এই সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া সব দল আগামী ৯ সপ্তাহ নির্বাচনি প্রচারণার জন্য সময় পেল। একই সঙ্গে নির্বাচন কমিশনও নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হাতে পেল। করোনা মহামারির কারণে এর আগে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয়।

করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ডের এই সফলতা বিশ্ব জুড়েই ব্যাপক প্রশংসিত হয়েছে। ৫০ লাখ জনগোষ্ঠীর এই দেশটি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল তিন মাস আগে; কিন্তু টানা ১০২ দিন করোনামুক্ত থাকার পর দেশটিতে নতুন করে সংক্রমণ দেখা দেয়। চলতি সপ্তাহের শুরুতেই দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে লকডাউন জারি করা হয়।