টেস্টে এক নম্বর হতে চায় ইংল্যান্ড

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:৪৮

টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠতে চায় ইংল্যান্ড। আর সেই যাত্রায় সঠিক পথেই দলটি আছে বলে মনে করছেন ইংল্যান্ডের নবনিযুক্ত ব্যাটিং কোচ জোনাথন ট্রট।

ইংল্যান্ড সর্বশেষ বিশ্বের এক নম্বর টেস্ট দল ছিল ২০১১ সালে। তখন দলটির অবিচ্ছেদ্য অংশ ট্রট বলেন, ‘আমি সৌভাগ্যবান যে সেই দলের একজন ছিলাম। এখনো যখন ঐ দলের সতীর্থদের সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তখন খুব দারুণ বোধ করি।’

তিনি আরো বলেন, ‘তখন দলটা অন্যরকম ছিল। সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে ছিল। ওপেনারদের দুই জনই ১০০-র বেশি টেস্ট খেলে ফেলেছে। এমন আরো চার-পাঁচ জন দলে ছিল যারা ১০০ টেস্ট খেলেছে। সবাই নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময়ে ছিলেন। এর কারণেই দলটা ছিল সেরা।’ইংল্যান্ডকে আবারও সেই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন ট্রট। তিনি বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট দল এখন দক্ষ হাতেই আছে। টেস্ট ক্রিকেটে আমরা যেভাবে এগোচ্ছি সেটা ইতিবাচক। আশা করি, আবারও আমরা এক নম্বর হতে পারব। এর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো জয়—সাম্প্রতিক সময়ে আমরা নিয়মিত জিতছি। ফলে, আমরা আত্মবিশ্বাসী।’