সেভিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে ইউরোপীয় দুই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংলিশ দলগুলো। কোলোনে রবিবার রাতের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরাই। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ২৬ মিনিটে সুসোর লক্ষ্যভেদে সমতা ফেরায় সেভিয়া।
ইউরোপার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি আসে ৭৮ মিনিটে, লক্ষ্যভেদ করেন লুক ডি ইয়ং। তাতে প্রতিযোগিতা থেকে ছিটকে টানা তৃতীয় মৌসুম শিরোপাহীন কাটানো নিশ্চিত হয় রেড ডেভিলদের। করোনাসৃষ্ট বিরতির পর ঠাসবুনোটের লিগ মৌসুম পার করেছে দলটি। এরপরই আসতে হয়েছে ইউরোপায়। কোচ সোলসার এ ব্যর্থতার দায় দেখছেন অপ্রতুল স্কোয়াড গভীরতার। বললেন, ‘খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। সঠিক মানসিকতা দেখিয়েছে। তবে আমাদের স্কোয়াড গভীরতা বাড়াতে হবে, এটা পরিষ্কার। কারণ লম্বা একটা মৌসুম আসছে আমাদের।’
