বন্দরনগরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন অর্ধ কিলোমিটার সড়ক ও রায়ছটা প্রেমাশিয়া উপকূলীয় দেড় কিলোমিটারসহ প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে দুর্দশাগ্রস্ত। বিশেষ করে বছরের পর বছর ঝড় ও জলোচ্ছ্বাসে রায়ছটা মোকামীপাড়া সড়কের অর্ধেকাংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন রায়ছটা প্রেমাশিয়া উপকূলীয় সংযোগ সড়কটি সংস্কার না করায় ভেঙে বড় বড় গর্ত হয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে। এতে প্রতিদিন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যদিও সরকারের পরিকল্পনামতে গ্রামীণ ও সামাজিক অর্থনীতি চাঙ্গা করতে গ্রামীণ অঞ্চলের ভঙ্গুর রাস্তা, বিধ্বস্ত বেড়িবাঁধ, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সংস্কারে এমনকি অনুন্নত, চির অবহেলিত হাটবাজারের উন্নয়নে মনোযোগ দিচ্ছে সরকার। অতীব উদ্বেগের বিষয় হচ্ছে—উপকূলীয় বিধ্বস্ত বেড়িবাঁধের কাজ শুরু হলেও বিগত ৪ বছরেও তা শেষ না হওয়া এবং কদমরসুল গ্রামের বিধ্বস্ত অর্ধকিলোমিটার বাঁধ স্থায়ী ও টেকসই ভাবে সংস্কার না হওয়ায় আশেপাশের গ্রামগুলোর ৫০ হাজার মানুষের জীবন হুমকির সম্মুখীন। অবিলম্বে জনস্বার্থে জরুরিভাবে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমীপে আশু হস্তাক্ষেপ বিনীতভাবে কাম্য।
আলহাজ এস এম ফরিদুল আলম
৮২১/এ-৭নং এম এম আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম
