আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় ৪০০ জনকে আসামি করে পুলিশের মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:০৯

আড়াইহাজারে রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ  ২৫ জন আহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার পুলিশ বাদী হয়ে দুই পক্ষের ৯ জনের নামোল্লেখ করে ৩ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। তার মধ্যেই গতকাল সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ায় উত্তেজনা দেখা দেয়। এ সময় ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষকে নিবৃত করতে গেলে আড়াইহাজার থানার কনস্টেবল আসাদুজ্জামান ও বজলুর রহমান আহত হন।  এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা লোকমান ও ওলামা লীগ নেতা তোফাজ্জলসহ ১৩ জনকে আটক  করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট উপজেলার কাকাইল মোড়া গ্রামে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভক্ত হয়ে গ্রামের বাসিন্দারা রবিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।