টিউশন ফিসহ সব চার্জ মওকুফের দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:১০

টিউশন ফিসহ সব ধরনের বাড়তি ফি বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভিকারুননিসা নূন  স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা। আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্রিত করে সারাদেশে একযোগে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। গতকাল ভিকারুননিসার বেইলি রোডের মূল ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক অভিভাবক। মানববন্ধনে অভিভাবকরা বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেউ চাকরি হারিয়েছেন। আবার অনেকে চাকরি না হারলেও বেতন কমেছে অর্ধেক। যারা ব্যবসা করছেন তারাও চরম আর্থিক সংকটে রয়েছে।  এমন পরিস্থিতিতে অভিভাবকদের পক্ষে টিউশন ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। টিউশন ফি আদায়ের বিষয়ে শিক্ষামন্ত্রীর গাইডলাইনও রয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এসব কিছু আমলে না নিয়ে অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে বেতন পরিশোধ করতে বলছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল মজিদ সুজন, রফিকুল আলম, আনোয়ার কবির ভুঁইয়া পূলক প্রমুখ ।