বড় পতনেও লেনদেন ১৪০০ কোটি টাকা ছাড়াল

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:১৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হলেও শেষ পর্যায়ে তা বড় পতনে রূপ নিয়েছে। লেনদেন শুরু হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক প্রায় ১০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত লেনদেনের চিত্র পালটে গেছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে নেমেছে। সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৬ কোটি ৯২ লাখ টাকা বেশি। ডিএসইতে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ লেনদেন হয়েছে গতকাল।

ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি বড় পতন হয়েছে অপর দুই সূচকের। এর মধ্যে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে নেমেছে।

বাজারের এমন আচরণ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, টানা উত্থানের কারণে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশ বেড়ে গেছে। ঐ সব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার জন্য বিক্রির চাপ বাড়ান। বড় ধরনের বিক্রির চাপ আসায় কিছুটা দরপতন হয়েছে। তবে আশার কথা সূচকের বড় পতন হলেও লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

গতকাল ডিএসইর মূল্য সূচকের বড় পতনের সঙ্গে দরপতনের খাতায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১১৮ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ২২৮টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। বড় অঙ্কের এই লেনদেনের দিনে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫৪ কোটি ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, খুলনা পাওয়ার কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৮৩ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯০ প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৭৪টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪ পয়েন্ট কমে গতকাল ১৩ হাজার ৬৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। গতকাল সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।