শিপ্রা দেবনাথ তার ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেনস্তা করার প্রতিকার চেয়ে বলেছেন, ‘একজন মানুষ হত্যাকে ধামাচাপা দিতে আমার টুঁটি চেপে ধরে আমাকে আত্মহননের দিকে ঠেলে দিলে এদেশের তরুণ-তরুণীরা চুপ করে বসে থাকবে না।’
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের ‘ডকুমেন্টারি’ নির্মাণে সম্পৃক্ত শিপ্রা এখন র্যাবের নিরাপত্তায় থাকলেও তার ব্যক্তিগত নানা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে ‘চরিত্রহননের’ চেষ্টা চলছে, যা নিয়ে তার পরিবারও হতাশা জানিয়েছে।
গতকাল সোমবার এক ভিডিও বার্তায় শিপ্রা এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিপ্রা ঘোষণা দেন, তাকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। তিনি বলেন, ‘আমি একজন ছাত্রী, পড়াশোনার পাশাপশি কাজ করি। একটি স্বাধীন দেশে কারো অধিকার ক্ষুণ্ন না করে একজন নারীর নিজের পছন্দমতো বেঁচে থাকার অধিকার কি নেই?’ তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে আমার একান্ত কিছু ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এডিট করে, ট্রেইলার করে অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে।’ এর জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করেননি তিনি।
শিপ্রা বলেন, ‘মেজর সিনহা হত্যাকাণ্ডের পর পুলিশ আমাদের রিসোর্টে এসে দুটি মনিটর, ল্যাপটপ, ডেক্সটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়, জব্দ তালিকায় যার কোনোটিরই উল্লেখ নেই। আমি জানি না, কীভাবে কার কাছে সেগুলো ফেরত চাইব।’ তিনি বলেন, ‘আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, ডিভাইস থেকে সেই ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুকে সেই সব শেয়ার করেছেন। আমার ব্যক্তিজীবন যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি দিয়ে, আমি প্রত্যেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কথা দিলাম।’
অপপ্রচারে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি সমস্ত পুলিশ বাহিনীকে দায়ী করছি না, এখানে অনেক সত্ অফিসার রয়েছেন। কিন্তু এইরূপ হত্যাকারী কর্মকর্তা ও একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপনকারী অসুস্থ মানসিকতার পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওয়তায় না আনা হলে এই কলঙ্কের দায়ভার সমস্ত বাহিনীর ওপর ন্যস্ত হবে।’ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি মেজর সিনহা হত্যার বিচার চাই। আমার ও আমার সহকর্মীদের চরিত্র হননের চেষ্টাকারীদের বিচার চাই।’
