জেলগেটে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:৪৭

মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা রহস্য উদ্ঘাটনে রবিবার ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীদের গণশুনানির পর মামলার আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। সোমবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার কারাগারে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তদল। সময় চলে যাওয়ায় গতকাল টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করা হয়নি বলে নিশ্চিত করেছেন জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন।

জেল সুপার জানান, তদন্ত কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বেলা ১১টার দিকে তদন্ত দল কারাগারের ফটকে আসে। বেলা ১২টা হতে পৃথকভাবে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি প্রদীপের সঙ্গে কথা বলা যায়নি। তদন্ত দল চাইলে মঙ্গলবার অপর আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

সূত্র মতে, এর আগে বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়াকে দুই দফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত দল। কিন্তু সন্দেহভাজন আসামি হওয়ায় পুলিশের মামলার সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াছকে জিজ্ঞাসাবাদ করেনি তদন্ত দল। এরা সাত জনই র্যাব হেফাজতে রিমান্ডে রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন (অব.) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।