নেত্রকোনার পূর্বধলা, নীলফামারীর সৈয়দপুর এবং দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। সংশ্লিষ্ট এলাকাসমূহ থেকে ইত্তেফাকের সংবাদদাতাদের পাঠানো খবর :
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, পূর্বধলায় গতকাল সোমবার সকালে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন। নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ঢাকা থেকে একটি যাত্রীবাহী পিকআপে করে ২০/২৫ জন যাত্রী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিল। অন্যদিকে মাছবাহী একটি পিকআপ নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে উপজেলার ভবের বাজার নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিমেল মিয়া (৩০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার পাবই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি পিকআপই আটক করা হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক সুমন মোহাম্মদ তুষার (৩৫) নিহত হয়েছেন। নিহত সুমন দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর পুত্র। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেনচালক) হিসেবে কর্মরত ছিলেন।
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৩৫) নামের মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী-খয়েরবাড়ী ভায়া ডাঙ্গাপাড়া নামক স্থানে। নিহত তোফাজ্জল চিরিরবন্দর উপজেলার ফতেপুর চম্পাতলী গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে এবং ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ফকিরপাড়া গ্রামের মৃত আবু তালেবের জামাতা। তিনি ফুলবাড়ীর মির্জা জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত থাকার কারণে শ্বশুরবাড়ি থেকে যাতায়াত করতেন।
