নিম্নমানের কাজ বন্ধ করায় প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:৫২

নিম্নমানের কাজ বন্ধ করায় রাজশাহী গণপূর্তের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের (২৮) ওপর হামলা চালিয়েছেন ঠিকাদার ও তার সহযোগীরা। গতকাল সোমবার বেলা ১২টার দিকে গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ সময় ঐ প্রকৌশলীর কক্ষের ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দুই জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা করেছেন গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলম। পুলিশ লিটন           এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজশাহী মহানগরীর সাধুর মোড়ের বাসিন্দা ঠিকাদার শাহাবুল মঞ্জুর লিটন (৩১) এবং তার ম্যানেজার মহানগরীর উপকণ্ঠ চক কাপাসিয়ার বাসিন্দা আতিকুর রহমানকে (৩২) গ্রেফতার করেছে।

ভুক্তভোগী প্রকৌশলী জানান, কোটি টাকা ব্যয়ে পুঠিয়া উপজেলায় ভূমি অফিস নির্মাণকাজ চলছে। রবিবার বিকালে তিনি ঐ নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় সেখানে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছিল। এছাড়া কাজের শিডিউলে চার ইঞ্চি ঢালাই দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও দেওয়া হচ্ছিল আড়াই ইঞ্চি। এ সময় তিনি কাজটি বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনার জের ধরে ঠিকাদার লিটন এবং তার ম্যানেজার আতিক গতকাল সকালে তার অফিস কক্ষে আসেন। এ সময় লিটন ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে লিটন এবং তার সহযোগী তার ওপর হামলা চালান। এ সময় লিটন কাঠের চেয়ার দিয়ে তাকে বেধড়ক পেটান। ফলে তার ডান চোখের ওপরের অংশে আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত রয়েছে। হামলার পর লিটন এবং তার সহযোগী আতিক ব্যাপক ভাঙচুর চালান। তার কক্ষের চেয়ার, টেবিল, ল্যাপটপ এবং প্রিন্টার ভেঙে ফেলেন।

এ ব্যাপারে গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনায় ঠিকাদার লিটন এবং তার সহযোগী আতিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।