‘ডেথ ভ্যালি’তে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড!

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:৫৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ডেথ ভ্যালি’তে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার ডেথ ভ্যালির ন্যাশনাল পার্কে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।বিবিসির এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবদাহ চলছে। যে কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস রয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে শনিবার একটি পাওয়ার প্ল্যান্টে ত্রুটি দেখা দেয়।

সর্বোচ্চ তাপমাত্রা কত?

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৩ সালে ডেথ ভ্যালিতে ৫৪ ডিগ্রি            সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়। প্রায় এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতে ৫৬ দশমিক ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়। কিন্তু এই রেকর্ড নিয়ে প্রশ্ন রয়েছে। ১৯৩১ সালে তিউনিসিয়াতে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় বলে জানা যায়। যদিও ২০১৬ সালে আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার বার্টের বিশ্লেষণ অনুযায়ী, এই তাপমাত্রার সত্যতা নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। যে কারণে ডেথ ভ্যালিতে রবিবার রেকর্ড করা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেডই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলে আগামী ১০ দিন তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। চলমান দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিন মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর (সিআইএসও)। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, অন্য যে কোনো তীব্র আবহাওয়ার তুলনায় দাবদাহে গড়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে। উচ্চ তাপমাত্রার কারণে হিট স্ট্রোকসহ নানা ধরনের রোগবালাই হতে পারে।