জেনেভায় শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে ও করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি কমাতে দিবসটি খোলা স্থানে পালন করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শামীম আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শেখ দেলোয়ার হোসাইন জহির, মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসকির মিয়া।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শোক সভার শুরু হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সহ সভাপতি কারার কাউসার, সহ সভাপতি নুরুল্লাহ চৌধুরী, জসিম ভুঁইয়া, মিয়া সাব্বির রনি, ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম এগার, উপদেষ্টা খলিলুর রহমান, আশরাফুল আলম লিটন, আওয়ামী নেতা জমাদার নজরুল, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম প্রমুখ।
আলোচনায় প্রায় সকলেই জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের পিছনে থাকা পরিকল্পনাকারী ও সুবিধাভোগকারী সকলকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সেইসাথে বিদেশে পলাতক সাজা প্রাপ্তদের অতি দ্রুত দেশে এনে সাজা কার্যকর করার দাবিও জানান আলোচকগণ।
জেনেভা এবং সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক নেতা কর্মী ও তাদের পরিবারবর্গ এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এমআর

