ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা আকস্মিক সফরে আজ ঢাকায় আসছেন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১৮

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এক আকস্মিক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন। তার এই সফরের এজেন্ডা নিয়ে ঢাকা ও দিল্লির পররাষ্ট্র দপ্তর থেকে কিছুই জানানো হয়নি। তবে কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরালো করা হবে তার সফরের উদ্দেশ্য। এ লক্ষ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে আসছেন।

জানা গেছে, এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন শ্রিংলা। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। গত মার্চের পর শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা গত জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।