বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে শোষণ ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে হবে ------------------------------ স্পিকার

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:৩৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালোবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আত্মপ্রত্যয় ও আত্মশক্তিতে বলীয়ান এই মহান নেতা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে শোষণ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে আহ্বান জানান। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক উপসচিব তারিক মাহমুদ ও উপপরিচালক সামিয়া রুবাইয়াত হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও আতিউর রহমান আতিক।