ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা পেলে নথি দেবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ১৪ ধরনের নথি পেতে নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বচনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন আমাদের কাছে তথ্য চেয়ে উকিল নোটিশ দিয়েছিলেন। কিন্তু উকিল নোটিশের ভিত্তিতে তো আমরা কাউকে তথ্য দিতে পারি না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলে গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এখন ট্রাইব্যুনাল যদি নির্দেশনা দেয়, তাহলে তথ্য দিতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। দেখা যাক, কী নির্দেশনা আসে।’
